শিরোনাম

ফরিদপুর, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): শহরের প্রধান সড়কের ওপর একটি মেহগনি গাছ ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা
আজ দুপুরে শহরের সদর হাসপাতাল-এর সামনে হঠাৎ করে একটি বড় মেহগনি গাছ রাস্তার ওপর পড়ে যায়। এ ঘটনায় রাস্তায় থাকা তিনটি অটোরিকশা গাছের চাপে ভেঙে যায়। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেনি।
সরেজমিনে দেখা যায়, এখানে একটা দেওয়াল ছিল। দেওয়ালটা পুরাতন হয়ে যাওয়ার কারণে তা ভেঙে ফেলা হয়েছে। নতুন করে এখানে দেওয়াল নির্মাণে কাজ চলছে। দেওয়াল নির্মাণের জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলা হয়েছে। আজ দুপুরে কাজ করার সময় গাছের পাশে কোনো নিরাপত্তা ছিল না। এর ফলে গাছের গোড়া হালকা হয়ে যাওয়ায় গাছটা পড়ে যায়।
ঘটনার শিকার অটোচালক তুষার ব্যাপারী, চুন্নু ব্যাপারী ও মামুন মিয়া সাংবাদিকদের জানান, যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গাছটি তাদের অটোর ওপর ভেঙে পড়ে। এতে অটোরিকশাগুলোর ব্যাপক ক্ষতি হলেও যাত্রীরা অক্ষত থাকেন।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যদের সহযোগিতায় গাছটি কেটে দ্রুত সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।