শিরোনাম

রাজশাহী, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহীর পবা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন মাদক ও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে তিনি প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান।
আজ পবা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, মাদক আমাদের সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, শুধু খুচরা বিক্রেতা নয়, মাদক ব্যবসার মূল হোতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন এবং উপজেলা বিএনপি আহ্বায়ক আলী হোসেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি, বিভিন্ন থানা পুলিশের কর্মকর্তা এবং উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।