বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১

সাতক্ষীরায় ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস নামের মূল্যবান মাদক জব্দ

ছবি : বাসস

সাতক্ষীরা, ২৬ ফেব্রুয়ারি,২০২৬ (বাসস) : জেলার মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস নামের মূল্যবান মাদক জব্দ করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার আখড়াখোলা নামক স্থান থেকে এই মাদক জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, ভারত থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকষ আভিযানিক দল সদর উপজেলার আখড়াখোলা নামক স্থানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে পলিথিনের প্যাকেটে রাখা এক কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ক্রিষ্টাল মেথ আইস ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে। 

তিনি আরো জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।