বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৩

চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): নগরীর বাকলিয়া থানা এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭। ক্ষতিকর রাসায়নিকে খাদ্য উৎপাদনসহ নানা অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানান অপরাধের দায়ে বাকলিয়া এলাকার চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন।
 
র‌্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় প্রকাশ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানো এবং বিএসটিআই’র অনুমোদন ছাড়াই সাধারণ জনগণের কাছে বিক্রয়পূর্বক প্রতারণা করে আসছে কতিপয় অসাধু ব্যবসায়ী।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রতিটি প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়।

মোজাফ্ফর হোসেন জানান, রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও ভেজাল নিয়ন্ত্রণে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৭’র অভিযান অব্যাহত থাকবে।