শিরোনাম

বগুড়া, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বগুড়ার কাহালুতে লাচ্ছা সেমাই প্রস্তুতের কারখানায় ভেজালবিরোধী যৌথ অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শেখাহারে অবস্থিত ভাই-ভাই লাচ্ছা সেমাই কারখানায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র্যাব ও জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কারখানায় একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেমাইয়ের খামির পায়ে মাড়িয়ে তৈরি করা হচ্ছিল। অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। তৈরি সেমাই বাথরুমের পাশে দুর্গন্ধযুক্ত স্থানে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল।
মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরীফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদের এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল র্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল।