বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩

দিনাজপুরে জুলাই আন্দোলনে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কাওসার রহমান। ফাইল ছবি

দিনাজপুর, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার হাকিমপুর উপজেলার হিলিতে জুলাই আন্দোলনে দু'জন শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কাওসার রহমানকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় দিনাজপুর সদর পুলিশ কোর্ট পরিদর্শক মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকাল ৪ টায় জুলাই আন্দোলন ঘটনায় দুই শিক্ষার্থী হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি ইউপি চেয়ারম্যান কাওসার রহমানকে জেলার হাকিমপুর থানার পুলিশ গ্রেফতার করেন।

তার পক্ষে একজন আইনজীবী জামিনের আবেদন করেছেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুক্তাদির হোসেন আদালতের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় আগামী ১ মার্চ জামিন শুনানির জন্য দিন ধার্য করেন এবং গ্রেফতারকৃত আসামি কাওসারকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। 

কাওসার রহমান জেলার হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তাকে আজ দুপুর ১২ টায় ওই উপজেলার খোট্টা মাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার করা হয়। 

জেলার হাকিমপুর থানার ওসি পরিদর্শক মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত কাওসার রহমান হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চক-ভবানিপুর গ্রামের আশরাফ আলীর পুত্র। কাওসার রহমান নিষিদ্ধ সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। গ্রেফতারকৃত কাওসারকে আজ বৃহস্পতিবার বিকালে দিনাজপুর জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশের সূত্রটি জানায়, গত ২০২৪ এর ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দু'জন শিক্ষার্থী নাঈম (১৭) ও সূর্যকে (১৮) আগুনে পুড়ে হত্যা করা হয়েছিল।

সে সময় ওই হত্যা ঘটনায় হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে ২৩ জন আসামির নাম উল্লেখ করে ১০০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছিল। মামলাটি তদন্ত শেষে ৬৭ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।