বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২০

নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নেত্রকোণা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার মোহনগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী আবু বাক্কারকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন নেত্রকোণার দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মঞ্জুরী।

দণ্ডপ্রাপ্ত আবু বাক্কার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার বসুন্তিয়া গ্রামের রিজিয়া খাতুনের সঙ্গে আবু বাক্কারের বিয়ে হলেও তিনি তার বাবার বাড়িতেই থাকতেন। বিয়ের পর থেকে পূর্বের স্বামী ও নানা বিষয় নিয়ে আবু বাক্কারের সঙ্গে রিজিয়ার কলহ চলে আসছিল। 

এর জেরে ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে আবু বাক্কার তার শার্ট দিয়ে পেঁচিয়ে রিজিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে তিনি উঠানের খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখেন। এরপর পালিয়ে যাওয়ার সময় তিনি তার ছেলেকে ফোন করে এই হত্যাকাণ্ডের কথা জানান। পরদিন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মেয়ে বিউটি বাদী হয়ে সৎ বাবা আবু বাক্কারসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আবু বাক্কারকে একমাত্র আসামি করে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. নজরুল ইসলাম খান।