বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৭

মেহেরপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মেহেরপুর, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার গাংনী উপজেলায় স্ত্রী হত্যা মামলায় স্বামী রেজাউল ইসলাম (৪৮) কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির এই রায় দেন।

অবিশ্বাস শেষ পর্যন্ত তার পরিণতি হয়েছিল এক নারীর নিথর দেহে। সেই ঘটনার আট বছর পর এ রায় দিল আদালত। 

স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা রেজাউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম জানান-২০১৮ সালের ১৫ নভেম্বর ধলা গ্রামে নিজ বাড়িতেই স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন রেজাউল। ঘটনার পর সেটিকে স্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা হয়। মরদেহ গোপন এবং ভিন্ন খাতে তদন্ত প্রবাহিত করারও উদ্যোগ নেয়া হয়।

তবে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়—মৃত্যু স্বাভাবিক নয়, শ্বাসরোধে খুন করা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী ও স্বজনদের সাক্ষ্য এবং আদালতে অভিযুক্ত স্বামী রেজাউল হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আদালতে দেয়া জবানবন্দিতে রেজাউল ইসলাম দাবি করেন, বিয়ের ২৫ বছর পর স্ত্রীর পরকীয়া সন্দেহ এবং দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরেই তিনি তার স্ত্রীকে খুন করেন। 

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন, “রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে। আদালতের এই রায় দৃষ্টান্তমূলক।