বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫

খুলনায় জাতীয় ভোটার দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

ছবি : বাসস

খুলনা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): খুলনায় আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম সভাপতিত্ব করেন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।

সভাপতি তার বক্তব্যে বলেন, জাতীয় ভোটার দিবসের তাৎপর্য হচ্ছে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা। একজন নাগরিকের বয়স ১৬ বছর হলে সে ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে পারবে। ভোটার হলে ২২ ধরনের সুযোগ-সুবিধা পাবে। নতুন ভোটারদের ক্ষেত্রে ভোটার হওয়ার জন্য সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ডাটাবেজ তৈরি করতে হবে। 

সভায় জানানো হয়, ২ মার্চ দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সকাল সোয়া ১১টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ, কেএমপির উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল-মাসুম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধিসহ কমিটির সদস্যগণ অংশ নেন।