বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তির কারাদণ্ড

নেত্রকোণা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তিন ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি তিনটি হ্যান্ড ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে এই আদেশ প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, কলমাকান্দা সদর ইউনিয়নের ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)।

আদালত সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে জড়িত থাকার অপরাধে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা হয় ১৫০ ঘনফুট বালুসহ তিনটি হ্যান্ডট্রলি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর গতিপথ পরিবর্তন ও পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছিল।

প্রশাসনের এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।