শিরোনাম

নাটোর, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আব্দুল কাহার ওরফে আতিক (১৮) নামে এক কিশোরকে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।
এছাড়া অভিযুক্ত দুইজনকে ১০ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।
নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক দেলোয়ার হোসেন আজ এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন, নাটোরের সিংড়া উপজেলার বড়গ্রাম দক্ষিণপাড়া এলাকার প্রয়াত আব্দুল মজিদ মন্ডলের ছেলে মাসুদ রানা (৩৭) এবং একই এলাকার প্রয়াত ফজলার রহমানের ছেলে মিজানুর রহমান মিন্টু (৩৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল কাহার ওরফে আতিককে তার পরিচিত কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির অদূরে একটি পুকুরপাড়ে আব্দুল কাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশীদ বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে চার্জশীট প্রদান করে পুলিশ। মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আজ এই দণ্ডাদেশ প্রদান করেন।