বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩

পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং, জরিমানা

ছবি : বাসস

পিরোজপুর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা।

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েদ ফেরদৌস এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাজার পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়া, বাজারের রাস্তা দখল করে মালামাল না রাখাসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় ৫ ব্যবসায়ীকে বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার মধ্যে কয়েকটি উচ্ছেদ করা হয়। বাকিগুলোর মালিকদের নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাজার তদারকি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশে বাজার মনিটরিং করছি। আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। তাই তাদের বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।