শিরোনাম

যশোর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মধ্যে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করেন বিআরটিএ-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা।
বিআরটিএ জানায়, সড়ক দুর্ঘটনার কারণে যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের সদস্যদের হাতে মোট ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা। দেড়শ পরিবারের মধ্যে যশোরের ৬৯, ঝিনাইদহে ৬২ এবং মাগুরায় ১৯টি পরিবার রয়েছে।
চেক বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ৭০ শতাংশ দুর্ঘটনা মোটরসাইকেলে ঘটছে। এ জন্য নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে দুইটি করে বিএসটিআই অনুমোদিত হেলমেট প্রদানের নিয়ম করা হচ্ছে। এ প্রস্তাব বিআরটিএ অনুমোদন করেছে, এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং মানবিক দায়িত্বও বটে। এ ধরনের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাড়ানোর প্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে যোগ দেওয়া সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলে, এই সহায়তা তাদের জীবনে অনেকটা স্বস্তি বয়ে আনবে।