শিরোনাম

জয়পুরহাট, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জয়পুরহাট পৌরসভার কেন্দ্রীয় মসজিদ হতে নতুনহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের নতুনহাট বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান। এসময় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সহ-সভাপতি মৌসুমী খানম, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দ ও গর্তে বেহাল অবস্থা হয়ে আছে দীর্ঘ বছর ধরে। গত কয়েকমাস আগে জয়পুরহাট পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে এই সড়কের কাজের কার্যাদেশ পান মাহমুদা কন্সট্রাকশন নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। ৮ কোটি টাকা ব্যয়ে এই কাজের কার্যাদেশ দেওয়ার পর আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করেন তৎকালীন পৌর প্রশাসক আ. সবুর। কাজ শুরুর কয়েকদিন পর ঠিকাদার গরিমসি করে আর কাজ এগিয়ে নেননি। বর্তমানে ভাংগাচোরা রাস্তায় চলাচল করতে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
এ ব্যাপারে জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা বাসসকে জানান, কাজ শুরুর কয়েকদিন পর ঠিকাদার আর কাজ করেননি। সংসদ নির্বাচনের কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল। এখন আমরা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করছি। অতি শীঘ্রই কাজ শুরু হবে বলে আশা করছি।