শিরোনাম

সিলেট, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, অপরাধ ও মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয় আইনমন্ত্রীর নজরে আনার কথাও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, কৃষি ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি মালিক বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। রাতেও যেন সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারে, শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে নির্বিঘ্নে চলাচল করতে পারে—এটি আমাদের নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন। তাই সকলের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই আমার দায়িত্ব।
কৃষি উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির প্রসঙ্গে তিনি জানান, কৃষকদের স্বার্থে খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন জরুরি। খাল পুনরুদ্ধারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সভায় তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার ওপরও জোর দেন এ সংসদ সদস্য।
তিনি বলেন, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হয়। এছাড়া এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরবেন। আগামী পাঁচ বছর এলাকাবাসীর পাশে থেকে সার্বক্ষণিক কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধিরা।