বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪

বরগুনায় জলদস্যুমুক্ত বঙ্গোপসাগরের দাবি

ছবি : বাসস

বরগুনা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা ও অপহরণ থেকে রক্ষা পাওয়ার দাবিতে   মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপকূলীয় জেলা  বরগুনার পাথরঘাটায় এ কর্মসূচি পালন করেছে জেলে ও স্থানীয় বাসিন্দারা।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর  সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক মাসুম খান, জেলা মৎস্যজীবী ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন এবং ট্রলার মালিক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রায়ই জলদস্যুদের হামলার শিকার হতে হচ্ছে জেলেদের। অনেক সময় নৌকা ও জাল ছিনতাইয়ের পাশাপাশি জেলেদের মারধর ও অপহরণের ঘটনাও ঘটছে। এতে করে জেলেদের পরিবার-পরিজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

তারা আরও জানান, জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যেতে বাধ্য হচ্ছেন জেলেরা। জলদস্যুদের দৌরাত্ম্যে উপকূলীয় অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

মানববন্ধন থেকে বক্তারা বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করতে নৌ-পথে টহল জোরদার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং জলদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে  স্মারকলিপি প্রদান করেন।