বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০২

ঝিনাইদহে সড়ক অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের চেক হস্তান্তর

ছবি : বাসস

ঝিনাইদহ, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। 

ভুক্তভোগী ৪২ জন জমির মালিক ও ব্যবসায়িক স্থাপনার মালিকের মধ্যে মোট ৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার ১০৬ টাকার চেক হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মালিকদের হাতে চেক তুলে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার নির্মল কান্তি তালুকদার, আহমেদ সাদাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহ-যশোর ৬ লেনে উন্নীতকরণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে আমরা চেক হস্তান্তর করেছি। আগামী বুধবার আরও কিছু চেক হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।