শিরোনাম

নাটোর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নাটোর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী।
কর্মশালার উদ্বোধনী সেশনে সভাপতির বক্তব্যে পৌরসভার প্রশাসক বলেন, সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে নাটোরকে বাসযোগ্য নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষে উন্নয়ন পরিকল্পনার প্রস্তাবনায় টেকসই এবং সমষ্টিক উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
কর্মশালায় টিম লিডার হিসেবে দায়িত্ব পালনকারী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মো. আব্দুর রকিব খান উন্নয়ন পরিকল্পনার রুপরেখা তুলে ধরে বলেন, প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনার সর্বাধিক সুফল প্রাপ্তির জন্যে জলবায়ু সহনশীলতা, নারীর অংশগ্রহণ, রাজস্ব আদায়ের পরিধি বৃদ্ধি করে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ পৌরসভায় রুপান্তর এবং সমষ্টিক উন্নয়নের শর্ত পূরণ করা প্রয়োজন।
কর্মশালার উদ্বোধনী সেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল কবির ভূঞা এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান।
কর্মশালায় জানানো হয়, বিশ্ব ব্যাংকের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নাধীন ‘রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের’ (আরইউটিডিপি) আওতায় নাটোর পৌরসভার সার্বিক উন্নয়নে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদে দেড়শ’ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে। বাস্তবায়নাধীন এসব প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে। নাটোর পৌরসভা ছাড়াও দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা এবং ছয়টি সিটি কর্পোরেশনে একই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য।
কর্মশালায় অংশগ্রহণকারী পৌর কর্ম সহায়ক কমিটির সদস্য, টিএলসিসি কমিটির সদস্য এবং নাটোর পৌরসভা সংলগ্ন অন্য তিনটি পৌরসভা ও চারটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে উন্নয়ন পরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করেন।
নাটোর পৌরসভা এবং ‘রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।