শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।
আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। কারণ, আমরা এখানে শুধু কাজ করতে এসেছি, অন্য কোনো ভিশন নেই।
সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, আমাদের বিদেশগামী কর্মীদের প্রি ডিপারচার অরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে হচ্ছে না বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তেরি হচ্ছে। তাছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো সচল করে দক্ষ মানবসম্পদ তৈরি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।