বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১

চট্টগ্রামে সেমাই উৎপাদনকারী অনিবন্ধিত প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার আমান ফুড প্রোডাক্টস এন্ড রফিক ফুড প্রোডাক্টস নামে সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বুধবার এ অভিযানকালে প্রতিষ্ঠানে নিম্নমানের সেমাই উৎপাদন এবং খাদ্যপণ্য লেবেলিংয়ে অসঙ্গতি ধরা পড়ে। প্রতিষ্ঠানটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিতভাবে উৎপাদন করে আসছিল। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

তিনি জানান, লেবেলিংয়ে অসম্পূর্ণ ও অসত্য তথ্যের কারণে প্রতিষ্ঠানটির মালিককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩৯ ও ৪১ অনুযায়ী ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর এবং বাকলিয়া থানার একটি টিম সার্বিক সমন্বয় করেন।