বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬

গোপালগঞ্জে জেলেদের মধ্যে গবাদি পশু বিতরণ

ছবি : বাসস

গোপালগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ ‘২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ (১ম সংশোধিত) -এর আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের ভাগ্যবদল ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গবাদি পশু (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এক অনুষ্ঠানে ৬০ জন জেলের কাছে এসব বকনা বাছুর হস্তান্তর করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। 
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচালক মো. খায়রুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আইয়ুব আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় প্রকল্পের প্রেক্ষাপট তুলে ধরে জানান, মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে। ওই সময়ে অভাবের তাড়নায় জেলেরা যাতে মাছ বা শামুক না ধরেন, সেটি নিশ্চিত করতেই এ বিকল্প আয়ের সুযোগ করে দেয়া হয়েছে। বাছুরগুলো লালন-পালনের মাধ্যমে জেলেরা দুগ্ধ উৎপাদন ও বিক্রি করে একটি স্থায়ী আয়ের উৎস খুঁজে পাবেন।