শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশব্যাপী খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে। অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
আজ বুধবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের সুরক্ষা কাজ পরিদর্শনকালে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধন করা হবে। খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এই মুহূর্তে চলমান প্রকল্পের মাধ্যমে খাল খনন-পুনরুদ্ধার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী খাল খননের প্রকল্প নেওয়া হবে।
তিনি বলেন, কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খালের কাজ শিগগিরই সমাপ্ত হবে। এটিকে টেকসই ও নদীর সাথে সংযোগ এবং পানির প্রবাহ ঠিক রাখার জন্য দ্বিতীয় পর্যায়ে আরও একটি প্রকল্প নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখনন কর্মসূচি দিয়েছেন। খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী ।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ৫ কোটি বৃক্ষরোপনে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খনন-পুনঃখনন করা হলে চাষাবাদে সেচের ব্যবস্থা হবে, নদীর নাব্যতা ফিরিয়ে আসবে এবং জলাবদ্ধতা দূর হবে।
পানি সম্পদ মন্ত্রী শুভাঢ্যা খালের খেজুরবাগ, জোড়াব্রীজ, চুনকুটিয়া এবং আঁটি খালের জয়নগর এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্ল্যাহ আমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ওমর ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ নিপুণ রায় চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।