বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৯

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ; সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনইচি সাইদা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে টোকিও সফরের আমন্ত্রণ জানিয়েছে জাপান। একই সঙ্গে বিভিন্ন খাতে ঢাকা-টোকিও দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল (মঙ্গলবার) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। সেসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ পৌঁছে দেন তিনি।

সাক্ষাতকালে ড. খলিলুর রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

বৈঠকে দুই পক্ষ ‘এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইএসডিপি)-এর আওতায় জাপানে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়ানো এবং জাপানি ভাষা শিক্ষার বিষয়েও আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী কর্মীদের জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়া আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। জাপানি নিয়োগকর্তারা যাতে সহজেই দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে পারে, সেজন্য একটি ‘ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম’ বা অনলাইন যোগাযোগ মাধ্যম তৈরির প্রস্তাবও দেন তিনি।

এছাড়া আলোচনায় প্রতিরক্ষা সরঞ্জাম কেনা, মেট্রোরেল প্রকল্পে সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পারিক সমর্থন দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম; প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। 

আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

এর আগে একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি।
সাক্ষাতে স্বাধীনতার পর বাংলাদেশকে জাপানের দ্রুত স্বীকৃতি দেওয়ার কথা স্মরণ করেন শামা ওবায়েদ। দু’দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী।