বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২

বিডিআর হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।ছবি: বাসস

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বনানী সামরিক কবরস্থানে ২০০৯ সালের বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি শহীদ কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বলে বাসস’কে নিশ্চিত করেছেন সহকারী প্রেস সচিব মো. সাগর হোসেন।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের সম্মানে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে, পিলখানা ট্র্যাজেডিতে প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর পিলখানা সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান।