বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১০

মাউশি পরিচালক ড. খান মইনুদ্দিনকে শিক্ষামন্ত্রীর পিএস পদে নিয়োগ

ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। ফাইল ছবি

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, দ্য মিনিস্টারস, মিনিস্টারস অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলাইজেস)অ্যাক্ট ১৯৭৩ এর সেকশন ১৪.(১) মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে (পরিচিতি নম্বর: ০০০০৩১৭৪) শিক্ষামন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করেন অথবা, যতদিন তাকে নিজের একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করেন, ততদিন পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ প্রদান করা হলো।

অফিস আদেশে বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বর্ণিত কর্মকর্তা বিধি অনুযায়ী দায়িত্বভার ভাতা প্রাপ্য হবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।