বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৬

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে : ত্রাণমন্ত্রী

ছবি : বাসস

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জনগণের জন্য সুন্দর আগামী বিনির্মাণে বিএনপির নির্বাচনী ইশতেহার পেশাদারিত্বের সাথে বাস্তবায়নে মেধা ও শ্রমের বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সমূহের কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, সকল প্রকার অনিয়ম, দুর্নীতি আর দুর্বৃত্তায়নের পথ পরিহার করে সত্য, সুন্দর আর সততার পথে পরিচালিত হয়ে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির সংকল্পে শপথ নিতে হবে।  

তিনি আরও বলেন, সরকারি অর্থের অপচয় রোধ ও কাজের গুণগত মান অক্ষুণ্ন রাখতে প্রতিটি পর্যায়ে নিবিড় মনিটরিং করতে হবে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে উপযোগিতা নিশ্চিত করতে হবে। 

মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বক্তব্য রাখেন।