বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১

বগুড়ায় দু’টি সেমাই কারখানাকে জরিমানা

বগুড়া, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি সেমাই কারখানাকে মোট একলাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয় যৌথবাবে এ অভিযান পরিচালনা করে। 

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, অভিযানকালে আটাপাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানায় পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করতে দেখা যায়। কারখানার ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল। এছাড়া ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ‘ইসলামিয়া লাচ্ছা সেমাই’ কারখানাকে একলাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৃন্দাবন পাড়ার ‘জেমি লাচ্ছা সেমাই’ কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানকালে অন্যান্যের মধ্যে ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।