শিরোনাম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ‘৮ম জাতীয় ভোটার দিবস-২০২৬’-এর প্রতিপাদ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এবারের দিবসের মূল প্রতিপাদ্য, ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’।
আজ নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে নির্ধারিত এই প্রতিপাদ্যটি ভোটার দিবস উদযাপন সংক্রান্ত সকল প্রকাশনা, প্রচারণামূলক সামগ্রী এবং দিবস সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালকসহ মাঠ পর্যায়ের সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসি জানায়, ভোটার দিবস উপলক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিপাদ্য ব্যাপকভাবে প্রচার করা হবে। বিশেষ করে তরুণ ভোটারদের ভোটাধিকারে উদ্বুদ্ধ করতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে এটি তুলে ধরা হবে।
উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২ মার্চ দেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়।