বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৪

ভূমি নিয়ে সন্দেহ অবিশ্বাস দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু আজ তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। ছবি : পিআইডি

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে যে সন্দেহ ও অবিশ্বাস রয়েছেন, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আজ তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান মিনু বলেন, কল সেন্টারের ব্যাপক প্রচার দরকার, যাতে করে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে, যাতে প্রতিদিন কমপক্ষে ২ হাজার মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ রয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রী বলেন, সেবা খাতে ঘুষ র্দ্নুীতি বন্ধ করতে চাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে। ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তগণ ঘুষ ও দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিলো। আমাদের পূর্ব পুরুষরা কৃষক ছিলেন। তাদের প্রতিচ্ছবি সামনে রেখে আমরা কাজ করবো।

এ সময় তিনি আরও বলেন, ভূমি খাতের অভিযোগ, আপত্তি ও আপীল নিষ্পত্তিতে কিভাবে সময় কমানো যায়— তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। 

প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো ভূমির মামলাগুলোর দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি। 

আপত্তি ও আপীল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করার বিষয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল গুরুত্ব আরোপ করেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা আধুনিকীকরণে বিভিন্ন নির্দেশনা দেন। 

এ সময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩তম পিডি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করা তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র, ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার নির্দেশনা প্রদান করেন।