বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৩

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক কর্মশালা আজ রাজধানীতে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত। ছবি: পিআইডি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক এক কর্মশালা আজ রাজধানীতে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আগামী ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য ২২ দফা কর্মসূচি উপস্থাপন করা হয়।

শ্রম ও কর্মসংস্থান সচিব ড. মো. সানোয়ার জাহান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ইশতেহার বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং অগ্রগতি প্রতিবেদন প্রতি সপ্তাহে উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত ফলো-আপ করার নির্দেশনা দেন তিনি।

কর্মশালায় জানানো হয়, শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণের অংশ হিসেবে বাংলাদেশ শ্রম অধ্যাদেশ-২০২৫-কে আইনে রূপান্তরের সময়সীমা ২০২৬ সালের ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, শ্রম বিধিমালা প্রণয়ন এবং শিশুশ্রম ও জবরদস্তিমূলক শ্রম বন্ধে আইন প্রণয়নের কাজ আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর লক্ষ্যে কর্মসংস্থান অধিদপ্তর গঠনের সময়সীমা ২০২৬ সালের ৩০ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জাতীয় কর্মসংস্থান নীতিমালা ২০২২-এর আলোকে জাতীয় কর্মসংস্থান কৌশলপত্র প্রণয়ন ও সংশ্লিষ্ট কমিটি গঠন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে সম্পন্ন করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় হালনাগাদ কর্মসংস্থান জরিপ ২০২৬ সালের ৩০ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদে নিয়োগ সম্পন্ন, হোটেল ও রেস্টুরেন্ট খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে ট্যানারি, হোটেল ও আয়রন ফাউন্ড্রি খাতে ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়নের সময়সীমা আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।

ডিজিটাল পদ্ধতিতে ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণের কার্যক্রম ২০২৬ সালের ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থা চালুর সময়সীমা আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।

রপ্তানিমুখী তৈরি পোশাক (আরএমজি) খাতের শতভাগ কারখানায় যৌন হয়রানি প্রতিরোধে অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গঠন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় তহবিল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতায় ন্যূনতম ৩০০টি কোম্পানিকে ডব্লিউপিপিএফ-এর অন্তর্ভুক্ত করার সময়সীমাও একই তারিখ নির্ধারণ করা হয়েছে। কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।