বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৮

সিলেটে বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা

সিলেট, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : নগরীতে অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ নকল কসমেটিক্স জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার বিকেল চারটার দিকে নগরের লালদিঘীর পার হকার্স মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মার্কেটের বি ব্লক, ১৭ নম্বর গলির ৭৫৮ নম্বর দোকান ‘রুদ্রাক্ষি এন্টারপ্রাইজ’-এর গুদামে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ও ভেজাল কসমেটিক্স মজুত থাকার সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৯ এর সদস্যরা এ অভিযানে সহায়তায় করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, এসব পণ্য মানবদেহের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ত্বকের মারাত্মক ক্ষতি এমনকি ত্বকে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি আরও জানান, অভিযানকালে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স জব্দ করা হয় এবং দোকানের এক কর্মচারীকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার আইনে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত পণ্যসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।

এছাড়া লালদিঘিরপাড় কাঁচাবাজারেও অভিযান চালানো হয়। অভিযানকালে মুরগী ও ডিমের মূল্য প্রদর্শন না করায় এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।