শিরোনাম

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আজ সোমবার জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।
বিভাগীয় চেয়ারপার্সন ড. ভদ্রেশু রীটার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ ও শিল্পী কামরুল হাসানের কন্যা সুমনা হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ড. ফারজানা আহমেদ স্বাগত বক্তব্য দেন।
৩য় বর্ষের শিক্ষার্থী শানীলা শাবনাম ও ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাইয়ান কায়েস অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
এ সময় অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্পকর্ম প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা শিল্পকর্মের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন— বিএফএ প্রথম বর্ষের এস এম মাহমুদুল হাসান (সৈয়দ আলী আজম স্মৃতি পুরস্কার), বিএফএ দ্বিতীয় বর্ষের দুর্জয় গোস্বামী (খাজা শফিক আহমেদ স্মৃতি পুরস্কার), বিএফএ তৃতীয় বর্ষের আবদুল্লাহ আল মানিক (সমরজিৎ রায় চৌধুরী স্মৃতি পুরস্কার), বিএফএ চতুর্থ বর্ষের অন্তর কুমার বিশ্বাস (কাইয়্যুম চৌধুরী স্মৃতি পুরস্কার)।
শ্রেণি পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— আল আলিফ দিপু (এমএফএ ২য় পর্ব), রওশন জাহান (এমএফএ ১ম পর্ব), মোছা. মিথিলা ফারজানা (বিএফএ ৪র্থ বর্ষ), শানীলা শাবনাম (বিএফএ ৩য় বর্ষ), ইরিন জাহান অন্তরা (বিএফএ ২য় বর্ষ) ও দীপ্ত আচার্য্য (বিএফএ ১ম বর্ষ)।
নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী রাহাত ভূঁইয়া।
বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন বিএফএ চতুর্থ বর্ষের সজীব জোয়ার্দার।
কামরুল হাসান স্বর্ণপদক লাভ করেছেন বিএফএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় কর্মকার।
স্টুডেন্ট অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেছেন এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী রাহাত ভূঁইয়া।
পরে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রদর্শনী পরিদর্শন করেন।
উল্লেখ্য, শিল্পকর্ম প্রদর্শনী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।