বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ছবি : বাসস

রংপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা— এই তিন বিষয়ে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ সোমবার রংপুর সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ে সব জেলা প্রশাসকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে মন্ত্রী এ সব নির্দেশনার কথা জানান।

এছাড়া মাদক ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা তুলে ধরাসহ বিভাগের অনেক দফতরে কর্মকর্তা-কর্মচারী ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, অন্যান্য বিভাগের তুলনায় রংপুর বিভাগে অনেক প্রকল্প অন্তর্ভুক্তি হয়নি। 

তিনি বলেন, মানুষ যাতে খুব সহজে সেবা পায়, মাঠ প্রশাসনের সঙ্গে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, বিগত সময়ে রংপুর বিভাগে বৈষম্য হয়েছে, আর এর ফলে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এবারে যাতে কোনো ধরনের বৈষম্য না হয়, বাজেটে সেই চেষ্টা করা হবে।

তিস্তা নদী প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা নদী নিয়ে আর কোনো বিচ্ছিন্ন প্রকল্প হবে না। তিস্তা খনন বা তিস্তার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিস্তা নদী শাসন ও খননেন কাজ করা হবে। 

আসাদুল হাবিব দুলু বলেন, ‘বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। তাই অল্প সময়ের মধ্যে জনগণের দাবিগুলো বিবেচনায় নিয়ে তিস্তা বাস্তবায়ন করা হবে।’

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন— রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ও মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ প্রশাসন এবং বিএনপি’র নেতৃবৃন্দ।