বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩১

সমাজে স্থায়ী শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইসলামি শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি : ধর্মমন্ত্রী

আজ বিকেলে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেটে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: পিআইডি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, সমাজে স্থায়ী শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠার জন্য ইসলামি শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি।

তিনি বলেন, কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আজ বিকেলে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেটে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা) এ মেলার আয়োজন করেছে।

ধর্মমন্ত্রী বলেন, ইসলামকে যথাযথভাবে বুঝতে হলে কোরআন ও হাদিস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন প্রয়োজন। ইসলামি বইমেলা সেই সুযোগ তৈরি করে দেয়, যেখানে পাঠকরা পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসীর, হাদীসগ্রন্থ এবং ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ সংগ্রহ করতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, এ মেলা ইসলামি জ্ঞানচর্চা ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, অতীতে প্রতিষ্ঠানে যারা অন্যায়, জুলুম ও অবিচারের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধর্মের নামে অপব্যবহার বা ব্যবসা করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ধর্মমন্ত্রী দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ও বৈষম্যমুক্ত পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের স্থিতিশীলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং নেতৃত্বের প্রতি আস্থা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। এসময় ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মওলানা শাহ নেসারুল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে ধর্মমন্ত্রী ফিতা কেটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আয়োজকরা জানান, মাসব্যাপী এ বইমেলায় মোট ৬১টি স্টল অংশগ্রহণ করছে। মেলায় কোরআনের অনুবাদ ও তাফসীর, হাদীসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ে প্রকাশিত গ্রন্থ পাওয়া যাচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের স্টল থেকে ৪০ শতাংশ কমিশনে বই কেনার সুযোগ রয়েছে। বিশেষ কিছু গ্রন্থে আরও বেশি ছাড় দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।