শিরোনাম

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এককভাবে সরকার গঠন করায় বিএনপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস)।
একই সঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের প্রতিও শুভকামনা জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান জাকির হোসেন ও নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এই জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তারা বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ গণতন্ত্রের প্রতি জনগণের আস্থারই প্রতিফলন।
জনগণের প্রত্যক্ষ সমর্থনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় বিসিআরএস-এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি’র নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার রাজনৈতিক সহনশীলতা, মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে।
সংগঠনটির নেতৃবৃন্দ আরও বলেন, তরুণ সমাজের শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও প্রবাসী আয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
এ ছাড়াও বিসিআরএস নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের প্রতি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব প্রদানের আহ্বান জানান এবং নতুন সরকারের সফলতা কামনা করেন।