শিরোনাম

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ৫৪ বছরের যে রাজনীতি তা পাল্টে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি আশা প্রকাশ করেন, ১২ তারিখ নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাউফল উপজেলার পাবলিক মাঠে আজ শুক্রবার ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আমির এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অতীতে যারা নিজেদের সততার প্রমাণ দিতে পারেনি, এখন যারা দিতে পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নেই।
তিনি আরও বলেন, অতীতে কোনো না কোনো দল এই দেশ শাসন করেছে। যারাই এসেছেন, তারা বলেছেন- কিছুই হয়নি, আমরা সব করে দেব। তারা করে দেননি বা করে দিতে পারেননি, যার সাক্ষী বাংলাদেশের ১৮ কোটি জনগণ।
আমির বলেন, ১৩ তারিখে যে নতুন সূর্য উদিত হবে, তা নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে উঠবে। আমাদের দুই হাতের ১০ আঙুল সবকিছু থেকে পরিচ্ছন্ন থাকবে। মামলা-বাণিজ্য আমরা করি না, কাউকে করতেও দেব না। শেয়ারবাজার লুণ্ঠন করতে দেয়া হবে না। প্রকল্পগুলো থেকে টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করতে দেয়া হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের যত বঞ্চনা আছে, তার জন্য আপনাদের লড়তে হবে না। সব ন্যায্যতা ও ইনসাফের ভিত্তিতে আপনাদের ঘরে এসে পৌঁছে দেয়া হবে।
তিনি বলেন, আমাদের যুব সমাজ বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, তা বাস্তবায়নের জন্য দুটি ভোট দিতে হবে। একটি হলো গণভোট। গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে। ‘হ্যাঁ’ মানে আজাদি। আর আরেকটি হলো সরকার গঠন।