শিরোনাম

সাতক্ষীরা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর অভিযানে ১২টি অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালী ইউনিয়নের গোলাখালী নদীর পাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ভারত থেকে নদীপথে শ্যামনগরের কৈখালী ইউনিয়নের গোলাখালী এলাকায় অস্ত্রের একটি বড় চালান প্রবেশ করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় সীমান্তবর্তী গোলাখালী নদীর পাড়ে একটি চিংড়ি ঘেরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ। উদ্ধার করা এসব অস্ত্র ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।