বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৩

তিন সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

লালমনিরহাট, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তিনটি বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ, ফেনসিডিল ও ফেয়ারডিল জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবার কুড়িগ্রামের নাগেশ্বরী এবং লালমনিরহাট জেলার আদিতমারী ও হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা মাদক ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাফ সিরাপ, ফেনসিডিল ও ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য ৭৫ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানায়, মাদক ও চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।