শিরোনাম

নড়াইল, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মতুয়া সম্মেলন, হরিনাম সংকীর্তন, ধর্মীয় যাত্রাপালা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।
হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অসীম পালের রায়গ্রামের বাড়িতে ৭ম বার্ষিক এই সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক মতুয়া দল অংশগ্রহণ করে।
এ সম্মেলন হরিগুরুচাঁদ ঠাকুরের মানবতার আদর্শ প্রচারের পাশাপাশি মতুয়াা অনুসারীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিসহ মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর। নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে মতুয়া সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ড. এজেএম ফরিদুজ্জামান ফরহাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কলস প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলাম, জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেব মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রটের জেলা সভাপতি মতুয়ারত্ম অশোক কুন্ডুসহ মতুয়া মিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতুয়া অসীম পাল জানান, মতুয়া সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় জেলার বিভিন্ন এলাকার মতুয়াদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি তাদের সন্তানদের পড়াশোনার জন্য শিশু শিক্ষা কার্যক্রম চালুসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মতুয়া সম্প্রদায়ের লোকজন দেশের সম্মৃদ্ধি, শান্তি ও অগ্রগতিতে কাজ করে যাচ্ছে।