বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯

মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধু নিহত

মুন্সীগঞ্জ, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কায় আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দিঘীরপাড়-সিপাহিপাড়া সড়কে যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দরজারপাড় এলাকার আসলাম শেখের মো. শাহ সানিয়াত শেখ (২৯), আলম খানের ছেলে হোসাইন মোহাম্মদ সাকিব খাঁন (২৬) এবং বাদল মাঝির ছেলে তুর্য মাঝি (২৮)। 

পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে চালকসহ আরোহীরা রাস্তায় ছিটকে পরলে ঘটনাস্থলেই শাহ সানিয়াত শেখ এবং   হোসাইন মোহাম্মদ সাকিব খাঁন নিহত হন। 

গুরুতর আহত অবস্থায় তুর্যকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্য নিশ্চিত করে দিগীরপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়েছে।