শিরোনাম

নেত্রকোণা, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলার বারহাট্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ভোটকেন্দ্র পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার সহযোগিতায় এবং জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে বারহাট্টা সি কে পি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক মো. সাইফুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম।
নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সকলকে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বারহাট্টা থানা এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। তারা কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং বুথ স্থাপনের স্থানসমূহ পর্যবেক্ষণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জিনিয়া জামান, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।