বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২২

বগুড়ায় অনিরাপদ তাল মিসরি উৎপাদনের দায়ে জরিমানা

বগুড়া, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ নকল ও অনিরাপদ তাল মিসরি উৎপাদনের দায়ে মেসার্স আবিদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে পাঁচলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের আটাপাড়া এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। 

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা শহরের আটাপাড়ায় অবস্থিত আবিদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান নিষিদ্ধ টেক্সটাইলের রং ব্যবহার করে শিশুখাদ্য হিসেবে তাল মিসরি উৎপাদন করছিল। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নকল মোড়কে তাল মিসরি মোড়কজাতকরণ এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে এসব অভিযোগ স্বীকার করায় মেসার্স আবিদ ট্রেডার্সকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুসারে পাঁচলাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।