শিরোনাম

খুলনা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সরকারের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
তিনি বলেন, পূর্বে যেসব নতুন ও নারী ভোটারগণ ভোট দিতে পারেনি, তারা এবার উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আজ খুলনায় বটিয়াঘাটাতে আঞ্চলিক তথ্য অফিস খুলনার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ভোটারদের উদ্বদ্ধুকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সকলকে নির্বাচনে ভোটদানসহ পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নির্বাচনের সময় নাগরিকের বড় শক্তি হলো তার ভোট। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভোট প্রয়োগ করে আমরা রাষ্ট্রের কাঠামো পাল্টে দিতে পারি। এবারের নির্বাচনে জনআকাঙ্খা পূরণের একটা সুবর্ণ সুযোগ রয়েছে।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সভায় আযম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. লুৎফর রহমান প্রধান, খুলনা আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণের জন্য নির্বাচন বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।