বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৭

চট্টগ্রামের সন্দ্বীপে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২ 

ছবি : বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ দুইজন দুষ্কৃতকারী আটক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টায় সন্দ্বীপ কোস্ট গার্ড স্টেশন ও নৌবাহিনীর সমন্বয়ে সন্দ্বীপ থানার বেড়িবাঁধের ইটভাটা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, দু’রাউন্ড তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির দুই কারিগরকে আটক করেছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অস্ত্র সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।