বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫

টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ টেলিফোন বুথ স্থাপন করলেন টুকু

ছবি : বাসস

টাঙ্গাইল, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে টাঙ্গাইল-৫ (সদর) আসনে এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনতার সংযোগ’ ফোন বুথ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দাইন্না ইউনিয়নে ফোন বুথ উদ্বোধন করেন আসনের বিএনপি প্রার্থী ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

জানা গেছে, পর্যায়ক্রমে সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে টাঙ্গাইল-৫ আসনে মোট ৩০টি ফোন বুথ স্থাপন করা হবে। এর মধ্যে ১২টি ইউনিয়নে ১২টি বুথ এবং পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৮টি বুথ থাকবে। 

ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ে এই বুথগুলো স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই সেখানে পৌঁছাতে পারেন। এই বুথের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার যেকোনো সমস্যা, অভিযোগ বা প্রয়োজন সহজে জানানো যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে টুকু বলেন, অনেকে বলেন আমাকে নাকি সহজে পাওয়া যাবে না। সেই অভিযোগ দূর করতেই এই উদ্যোগ। প্রতিটি বুথে একটি টেলিফোন থাকবে। একটি বাটন চাপলেই আমার ফোনে কানেক্ট হবে। যে কোনো মানুষ যে কোনো বিষয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। নির্বাচনের পর আর কারো মাধ্যমে আমার কাছে আসতে হবে না।

তিনি আরও করেন, আমাকে নির্বাচিত করলে আপনাদের সমস্যা জানাতে দূরে যেতে হবে না। নিজের ইউনিয়নে বসেই আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ। তাই আপনারা আমার জন্য কয়েকটি দিন কাজ করুন, আমি আগামী পাঁচ বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকবো কথা দিলাম।

ইতোমধ্যে এলাকাজুড়ে নিজস্ব পরিচিতি এবং জনসংযোগের নতুন কৌশল নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। দিনরাত ভোটারদের সঙ্গে সরাসরি আলাপ, সমস্যার কথা শোনা এবং সমাধান ও উন্নয়নের অঙ্গীকার, এই সব মিলিয়ে তার নির্বাচনী কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা বলছেন, এই ধরনের সরাসরি সংযোগের উদ্যোগ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন ও পরিবর্তনকে লক্ষ্য করে সুলতান সালাউদ্দিন টুকু সম্প্রতি নিজের ২৩ দফা উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন। তিনি টাঙ্গাইলকে নিরাপদ, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং উন্নত মডেল নগর হিসেবে গড়ে তুলতে চান। এছাড়া, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিত যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করাও তার নির্বাচনী অঙ্গীকারের মূল অংশ।

এ ছাড়া, তিনি নিশ্চিত করেছেন যে জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ও স্থানীয় উন্নয়নের সমন্বয় ঘটানো হবে।