বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২

নাগেশ্বরীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালি ও সভা 

ছবি: বাসস

কুড়িগ্রাম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলার ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পাঠক প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

র‌্যালিতে ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। র‌্যালি শেষে ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির নিজস্ব ভবনে আলোচনা সভা ও পাঠক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাঠক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল হক খন্দকার বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইট হাউজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মিজানুর রহমান, ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক রুপম দেব, লাইট হাউজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা লুবাবা বিনতুস লিপা এবং শিক্ষক শ্রী মিলন চন্দ্র রায়।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আমিনুল হক খন্দকার বলেন, বই পড়ার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জনের পাশাপাশি এই বিশ্বকে গভীরভাবে জানতে পারে। 

প্রধান অতিথি মাহমুদুল হাসান বলেন, বই একমাত্র বন্ধু যা মানুষকে প্রকৃত আনন্দ ও আলোকিত জীবন উপহার দিতে পারে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা ও গ্রন্থাগারমুখী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।