শিরোনাম

গাজীপুর, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মহানগরীর টঙ্গীতে বিকাশের এজেন্টকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিকেলে টঙ্গীর মেসার্স ডে অ্যান্ড সন্সের বিকাশ মানি কালেক্টর মো. আজাদ (৩১) ও আরিফুর রহমান (২৬) ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে নগদ ১৪ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহ করেন। এরপর মোটরসাইকেলে করে অফিসে ফেরার পথে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোড এলাকায় ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের গতিরোধ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে আরিফুর রহমান ও আজাদকে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তদন্তে নেমে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ নজরদারি বাড়িয়ে শনিবার রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে রাজিব হাসান লিটন (৩৮), মো. শহীদুল ইসলাম (৪৪) ও সঞ্জয় চন্দ্র শীলকে (৩৬) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বাসসকে বলেন, গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করছে। টঙ্গীর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। পুলিশ ও র্যাবের সমন্বিত অভিযানে স্বল্প সময়ের মধ্যেই ডাকাত চক্রের অধিকাংশ সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই চক্রের মূল হোতা এখনো পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারে বিশেষ টিম মাঠে রয়েছে। শিগগির তাকে আইনের আওতায় আনা হবে।