শিরোনাম

বাগেরহাট, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার কচুয়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস বাগেরহাটের উদ্যোগে রোববার বিকেলে বাধাল বাজারে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
তরুণ ও নারীসহ ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদানের লক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান।
তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, কচুয়ার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা নাজমা খানম। উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।