শিরোনাম

খাগড়াছড়ি, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া ও জামায়াত ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে অপসারিত পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার প্রার্থীতা স্থগিত করা হয়েছে।
আজ সকালে খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত নিজ কার্যালয়ে প্রার্থীতা যাচাই বাছাই শেষে এ তথ্য জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজার ক্রেডিট কার্ডে ঋণখেলাপি, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার মিয়াজির আয়কর সংক্রান্ত নথি না থাকা ও স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটার তথ্যে গরমিল থাকায় প্রার্থীতা বাতিল করা হয়। এ ছাড়া মুসলিম লীগ প্রার্থীর দলীয় মনোনয়নে সভাপতির স্বাক্ষর না থাকায় প্রার্থীতা স্থগিত করা হয়েছে।
প্রার্থীতা বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেক প্রার্থী জানান, তারা আপিল করবেন।
খাগড়াছড়ির রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত বলেন, ১৫ টি মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পর ৭ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। বিভিন্ন কারণে ৭ জনের মনোনয়ন বাতিল ও ১ জনের স্থগিত করা হয়েছে।
খাগড়াছড়ি আসনে বৈধ ৭ জন প্রার্থী হলেন; বিএনপি মনোনীত ওয়াদুদ ভুঁইয়া, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, মাইনোরিটি পার্টির উশেপ্রু মারমা, ইসলামী আন্দোলনের মওলানা কাওসার আজিজী, ইনসানিয়াত বাংলাদেশের নুর ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।