বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৬:১৬

যশোর-৫ ও ৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

শনিবার যশোর জেলা প্রশাসকের সভা কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ছবি: বাসস

যশোর, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে যশোর-৫ ও যশোর-৬ আসনে ছয় জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

অবৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র পদপ্রার্থী রয়েছেন।

আজ শনিবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের সভা কক্ষে শুরু হয় যাচাই-বাছাই।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশেক হাসান জানান, যশোর-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৮ জন। এর মধ্যে যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটি পাওয়ায় ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামানের সমর্থক তালিকায় প্রয়োজনীয় এক শতাংশ সমর্থক না থাকায়, জাতীয় পার্টির প্রার্থী এম এম হালিমের মনোনয়নপত্রে  সাক্ষীর এভিডেভিটে স্বাক্ষর না থাকায়, স্বতন্ত্র প্রার্থী এবিএম গোলাম মোস্তফার সমর্থক তালিকায় ত্রুটি ও হলকনামায় স্বাক্ষর না থাকায় এবং অপর স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের অঙ্গিকারনামার স্ট্যাম্প না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

যশোর-৫ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত রশীদ আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক ও স্বতন্ত্র শহীদ মো. ইকবাল হোসেন (বিএনপি নেতা)।

যশোর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৫ জন প্রার্থী। এর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম একটি ব্যাংকের ঋণ খেলাপির জামিনদার হওয়ায় ও  জাতীয় পার্টির জিএম হাসানের দলীয় মনোনয়নপত্র না থাকায় অবৈধ ঘোষণা করা  হয়।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মো. আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মো. মোক্তার আলী, এবি পার্টির মো. মাহমুদ হাসান।